মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণ করা সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আপডেট: ০৬:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরে ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর জোমাদ্দার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
গত শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি তানভীরও সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে শনাক্ত করে গ্রেফতারের উদ্যোগ নেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত পরিদর্শনের সময় তানভীর পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করছেন। একপর্যায়ে তিনি অন্যদের পেছনে ফেলে প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার মিরপুরে ফুটপাত পরিদর্শনে গেলে ওই ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



















