মানব পাচার প্রতিরোধে ৭ দেশের কর্মকর্তাদের নিয়ে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ
- আপডেট: ০৭:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মানব পাচার, অবৈধ অভিবাসন ও সামুদ্রিক অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি বলেছেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়বে। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে সাত দেশের অংশগ্রহণে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণটি বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ সক্ষমতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন সিনিয়র সচিব। তিনি বলেন, দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা, মানবিক সহায়তা প্রদান এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষতা, প্রশিক্ষণ সক্ষমতা ও পেশাদারিত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। এর পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কোস্ট গার্ডের পাশাপাশি দেশের ভাবমূর্তিও আরও উজ্জ্বল হয়েছে।
প্রশিক্ষণটি সফলভাবে আয়োজনের জন্য কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, বিসিজি বেইস অগ্রযাত্রার কমান্ড্যান্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নেতৃত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন সিনিয়র সচিব।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়ার আটজন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর দুজন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের দুজনসহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সম্পন্ন করেন।



















