বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
- আপডেট: ০৯:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৮০২১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার নেতৃত্বে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

















