নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে আনসার সদস্যদের বহনকারী বাস দুর্ঘটনা,নিহত ১,আহত অনেকে
- আপডেট: ১২:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০৩৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নির্বাচনী দায়িত্ব সম্পন্ন করে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর একজন অঙ্গীভূত আনসার সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১টার দিকে চট্টগ্রামে কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় অতিক্রম করার সময় ২৩ জন সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই আনসার সদস্য মো. আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজন সদস্য চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিহত মো. আব্দুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি পতেঙ্গাস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন এবং অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল সারাদেশে নির্বাচনী দায়িত্বে বাহিনীর ৫ লাখ ৭৬ হাজারেরও বেশি সদস্য নিয়োজিত ছিলেন। বিপুলসংখ্যক সদস্যকে নিরাপদে ভোটকেন্দ্রে প্রেরণ এবং দায়িত্ব শেষে প্রত্যাবর্তন নিশ্চিত করা ছিল একটি বড় সমন্বয়মূলক কার্যক্রম। দেশের অন্য কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর না পাওয়া গেলেও চট্টগ্রামের এই ঘটনায় বাহিনীর সদস্যরা গভীরভাবে শোকাহত।


















