সুন্দরবনে কুখ্যাত করিম শরীফ বাহিনীর সদস্য গ্রেফতার,অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
- আপডেট: ০৪:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৮০২০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার(১২ মার্চ) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকার ডাকাতদল সক্রিয় রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩৮ বছর বয়সী সদস্য ওসমান গণিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। আটককৃত ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন যাবৎ ডাকাতি এবং ডাকাতদলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের তথ্য পাওয়া গেছে।
পরবর্তী তল্লাশিতে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে। আটককৃত ডাকাত এবং আলামতগুলোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে এবং দস্যুদের কোনো ছাড় দেয়া হবে না।”



















