সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আসাবুর বাহিনীর সহযোগী আটক
- আপডেট: ০৭:৫১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (২৫ মার্চ ) দুপুরে সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
এদিন বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসাবুর বাহিনীর প্রধান আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে। চাঁদা সংগ্রহের জন্য তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে পাঠানো হয়।
এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড সদস্যরা রবিউল ইসলামকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ১ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
আটককৃত রবিউল ইসলাম (৪১) খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের দাবি, রবিউল ইসলামকে আটকের ফলে আসাবুর বাহিনীর কার্যক্রম অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে পড়েছে।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















