গেন্ডারিয়ায় পুলিশ এ্যাসল্ট মামলার প্রধান আসামী সুমন হোসেন গ্রেফতার
- আপডেট: ০৬:৫১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গেন্ডারিয়াতে পুলিশ এ্যাসল্ট মামলার অন্যতম প্রধান আসামী সুমন হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
পুলিশের দেওয়া অধিযাচনপত্রের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) বিকালে গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ আজগার আলী হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
তিনি বলেন, গত বছরের ২৩ ডিসেম্বর রাতে গেন্ডারিয়া থানা পুলিশের একটি টিম গেন্ডারিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন দ্বীননাথ সেন রোডের ঘুন্টিঘর বস্তির সামনের রাস্তায় গ্রেফতারকৃত আসামী সুমন হোসেনসহ কয়েকজন আসামী পুলিশের আাইনসংগত গ্রেপ্তার এড়ানোর জন্য একযোগে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ডিউটিরত পুলিশ সদস্যদের উপর এলোপাথারি আক্রমণ চালিয়ে পুলিশকে সরকারি কাজে বাঁধাদান করে। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
এ ঘটনায় এসআই(নিঃ) মো. আমির হোসেন বাদী হয়ে গেন্ডারিয়া থানায় একটি মামলা করেন। সে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাব-১০ এ একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ আজগার আলী হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে সুমন হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















