বনানীতে পথচারী বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নিহত ২
- আপডেট: ০৫:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বনানী সেতু ভবনের সামনে রাস্তা পারাপারের সময় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে ভূইয়া পরিবহনের বাসচাপায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসচালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ভূইয়া পরিবহনের একটি বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। বনানী সেতু ভবনের সামনে সড়ক পারাপারের সময় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন। এ সময় বাসটি সড়ক বিভাজকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুই ব্যক্তি সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন। তাদের পরিচয় নিশ্চিত হলে বিস্তারিত জানানো হবে। এ ছাড়া দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।


















