সুন্দরবনে দস্যুতা দমনে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ৪০ দস্যু আটক
- আপডেট: ০৭:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সুন্দরবনে বনদস্যুতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে চলছে বিশেষ অভিযান “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”। এর অংশ হিসেবে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে যৌথ টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
রবিবার (৩ মে ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় সব বনদস্যু বাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ লক্ষ্যে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক অভিযানে সুন্দরবন সংলগ্ন নদী-খালে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয় জেলে ও নির্ভরশীল জনগোষ্ঠীর মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এতে করে এলাকায় বনদস্যুদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে বিভিন্ন দস্যু বাহিনীর ৪০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৪৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, কার্তুজ ও হাতবোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি দস্যুদের একাধিক আস্তানা শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
এছাড়া অভিযান চলাকালে ৩৭ জন জেলে, ২ জন পর্যটক এবং ১ জন রিসোর্ট মালিককে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।


















