র্যাব-৮ এর অভিযানে বাউফলে আলোচিত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
- আপডেট: ০৯:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৮০১৪
আল রাফি বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি কবির হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে র্যাব-৮। রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৮ সূত্র জানায়, এডিশনাল এসপি একে আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে কুমিল্লায় একটি ইটভাটায় কর্মরত এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকেন। ফলে ভুক্তভোগী তার ৫ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে বাউফলের সূর্যমনি ইউনিয়নে বাবার বাড়িতে বসবাস শুরু করেন।
অভাবের কারণে প্রায় দুই বছর ধরে তিনি অভিযুক্ত কবির হোসেনের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। এ সময় অভিযুক্তের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে কবির তাকে কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ২০২৪ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিকবার এ ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের দাবি জানালে অভিযুক্ত তা এড়িয়ে যান।
পরবর্তীতে ২০২৫ সালের ১৪ অক্টোবর কালিশুরি মাজেদা ক্লিনিকে ভুক্তভোগীর একটি পুত্রসন্তানের জন্ম হয়। এ নিয়ে চাপ সৃষ্টি হলে এবং বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগী বাউফল থানায় মামলা দায়ের করেন। এরপর র্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর একটি সন্তান রয়েছে, যাকে অভিযুক্তের সন্তান দাবি করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ডিএনএ পরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


























