সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত
- আপডেট: ০৮:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সিলেটে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকালে নগরীর তোপখানা এলাকায় পুলিশের অভিযানের সময় ছুরিকাঘাতের শিকার হন ইমন আচার্য।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিল। এসময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন।
এসময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, এ ঘটনার পুলিশ ওই ছিনতাইকারীকে আটক করেছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।



















