গ্রেড-১ পেলেন অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন
- আপডেট: ০৮:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. আকরাম হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী তাকে এ পদমর্যাদা দেওয়া হয়েছে।
আজ (২৩ আগস্ট) রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়।
আকরাম হোসেন বর্তমানে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আদেশে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
২০২৪ সালের ২৪ অক্টোবর আকরাম হোসেনকে ডিআইজি থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়। তখন তাকে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। পরে তাকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের অর্থায়ন শাখার অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন। আকরাম হোসেন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
পুলিশের গ্রেড-১ পদমর্যাদা সচিব বা সিনিয়র সচিবের সমতুল্য। সাধারণত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এই পদমর্যাদা পেয়ে থাকেন। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কিছু অতিরিক্ত আইজিপিকেও গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়।
আকরাম হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতির ফলে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে তার পদমর্যাদা আরও এক ধাপ বাড়ল।
এর আগে গত ৪ জুন গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের আরও দুই অতিরিক্ত আইজিপি। তাঁরা হলেন—তৎকালীন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন। চাকরি থেকে অবসরে যাওয়ার দিনই দেলোয়ার হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়।



















