অতিরিক্ত আইজিপি হলেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার, জানুন তাকে নিয়ে
- আপডেট: ০৬:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হয়েছেন।
গতকাল রবিবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে মোট পাঁচজন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
ইসরাইল হাওলাদার পেশাগত জীবনে একজন সৎ, বিচক্ষণ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
বরিশালের বাকেরগঞ্জে তার গ্রামের বাড়ি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা। তার স্ত্রী একজন চিকিৎসক।
ইসরাইল হাওলাদারের পদোন্নতির খবরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। সহকর্মীরা তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন এবং তার আরও সাফল্য কামনা করেছেন।
এর আগে ইসরাইল হাওলাদারকে ১৬ নভেম্বর জিএমপির কমিশনার হিসেবে পদায়ন করা হয়। সেসময় তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ছিলেন। শিল্প পুলিশে দায়িত্ব পালনের আগে ইসরাইল হাওলাদার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ছিলেন।
আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিতের পাশাপাশি পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের দায়িত্বে ছিলেন।
ফ্যাসিস্ট সরকারের পতনের পর ইসরাইল হাওলাদারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। পরে ভারপ্রাপ্ত যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) হন। ওই বছরের ২৭ আগস্ট ইসরাইল হাওলাদার ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হন।



















