আধুনিক ব্যাংকিংয়ের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- আপডেট: ০৯:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আরও দ্রুত,নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সিবিএস, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ও ডেটা সেন্টার স্থাপনের মাধ্যমে ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, ডিজাস্টার রিকভারি (ডিআর) ও ডেটা সেন্টার (ডিসি) সাইট স্থাপন এবং সার্বিক আধুনিকায়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (হিসাব ও নিরীক্ষা), ব্যাংকের কারিগরি কমিটির সদস্য এবং ফেলিসিটি আইডিসি ও ফাইবার এট হোম বাংলাদেশ -এর প্রতিনিধিরা অংশ নেন।
সভায় তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের আধুনিক ডেটা সেন্টার, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ও কানেক্টিভিটি সেবার বিস্তারিত চিত্র তুলে ধরেন। ব্যাংকের সিবিএস বাস্তবায়নে একটি নিরাপদ ও ভবিষ্যৎ-উপযোগী প্রযুক্তিগত সমাধানের বিষয়েও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংক চেয়ারম্যান বলেন, একটি আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে ডেটা সিকিউরিটি, নিরবচ্ছিন্ন সেবা ও ডিজাস্টার রিকভারির বিকল্প নেই। এ সময় বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা অনুসরণ করে প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলার বিষয়ে ইতিবাচক প্রত্যয় ব্যক্ত করা হয়।
এছাড়া সভায় বাহিনীর সদস্যদের জন্য বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, শক্তিশালী সিবিএস ও ডিজিটাল পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ভবিষ্যতে সঞ্জীবন প্রকল্পের পরিধি বাড়াতে এবং সদস্যদের সহজ ও স্বচ্ছ আর্থিক সেবা প্রদানে মূল ভিত্তি হিসেবে কাজ করবে।




















