অপারেশনাল কাজে সাহসিকতা: ৪০ কর্মকর্তা-কর্মচারী ও ২৮ ফায়ার স্টেশনের প্রতিনিধিরা পেলেন বিশেষ সম্মাননা
- আপডেট: ১০:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০৩১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারা দেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শন করা ৪০জন কর্মকর্তা-কর্মচারীকে ও অপারেশোল ও প্রশাসনিক কাজের ওপর নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি ফায়ার স্টেশনের প্রতিনিধির কাছে সম্মাননা ক্রেস্ট দিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এই সন্মাননা সারক প্রদান করেন।
এসময়, সকল কর্মকর্তাকে ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সারা দেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শন করেছেন এমন বাছাই করা ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা প্রদান করা হয় এবং সারা দেশে থেকে অপারেশোল ও প্রশাসনিক কাজের ওপর নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি ফায়ার স্টেশনের প্রতিনিধির কাছে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে পরিচালকদের সাথে নিয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক।
এসময় নির্বাচিত ৪০ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে ‘মহাপরিচালকের প্রশংসা’ লেখা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন। এছাড়াও সারা দেশের মধ্যে নির্বাচিত ২৮টি শ্রেষ্ঠ ফায়ার স্টেশনের প্রতিনিধির মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৫টি করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন এবং অন্যান্য বিভাগের ৩টি করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশনকে পুরস্কার প্রদান করা হয়।




















