গেন্ডারিয়ায় গোলাগুলি: র্যাবের অভিযানে গ্রেফতার ৫, বিদেশি পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার
- আপডেট: ১২:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১০,সিপিসি-১,যাত্রাবাড়ী ক্যাম্প। অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–মোহাম্মদ জিসান (১৯), মোহাম্মদ রমজান (১৯), মোহাম্মদ শাহীন (৩৪), শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিম (১৮)।
র্যাব বলছে, উদ্ধার হওয়া তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ হিসেবে শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট গেন্ডারিয়া থানার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনির গ্রুপ ও অটো সজল গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে পথচারী আশা আক্তার (২০) ও সিয়াম (১৮) এবং চা-দোকানি আলমগীর হোসেন রাসেল গুলিবিদ্ধ হন।
গোলাগুলির সময় আশার ডান পায়ে, সিয়ামের বুকের বাঁ পাশে এবং আলমগীরের মাথায় গুলি লাগে। র্যাব জানায়, আলমগীর ও সিয়ামের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ রয়েছেন। আয়েশা আক্তারও সুস্থ ও স্থিতিশীল আছেন। তবে তার পায়ে থাকা গুলি এখনো অপসারণ করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর র্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজান (১৯)কে গ্রেফতার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীন (৩৪)কে গ্রেফতার করা হয়।
এরপর গতকাল বুধবার পৃথক অভিযানে শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিম (১৮)কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, শাবাবকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া ৩ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৪২০টি ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, নগদ অর্থ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেফতার শাবাব হোসেন শৈকত যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-১০ এর অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ হিসেবে শনাক্ত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অস্ত্র, মাদক ও পুলিশের লুণ্ঠিত গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান চলছে।
এর আগে একই গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো ছোরা ও ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।



















