পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১
- আপডেট: ০৪:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়েছে। এ সময় হরিণের মাংসের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। এ ছাড়া মাংস পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে,উদ্ধার করা হরিণের মাংসের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পাথরঘাটা থানার দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে বোট থেকে প্রায় ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়। একই সঙ্গে মাংস পরিবহনে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।



















