শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় পলাতক নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আটক করলো বিজিবি
- আপডেট: ০৪:১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাসকে (৩৪) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির একটি টহলদল মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুশান্ত চন্দ্র বিশ্বাস ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে কর্মরত। বর্তমানে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে কোনো অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন সুশান্ত। এ কারণে তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছিল।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল, নগদ ১২ হাজার ১৮৫ টাকা ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।



















