পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’
- আপডেট: ১১:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) নামের এক আসামি পালিয়ে গেছেন। পলাতক পিচ্চি রাজা মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারিদের একজন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতিদের নিয়ে কারাগারে ফিরছিল পুলিশ। সন্ধ্যা ছয়টার দিকে বহনকারী গাড়িটি নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার কথা জানান।
পরে পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে যান। এ সময় সুযোগ বুঝে পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।
পলাতক রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এলাকার ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার জাহাঙ্গীর আলম বলেন, পলাতক হাজতিকে পুনরায় গ্রেফতারের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দল অভিযান চালাচ্ছে।
এর আগে গত ১৯ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তার বিরুদ্ধে ২৫টির বেশি মামলা রয়েছে।



















