এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট: ০২:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
ঘটনাটিকে কেন্দ্র করে মিষ্টির রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়। একই সঙ্গে তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্কের কথা সামনে এসেছে।
ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে মিষ্টির বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তৈরি হয়েছিল।
সর্বশেষ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার কথা জানা গেছে।








