পঞ্চগড়ে আনসার-ভিডিপির প্রশিক্ষণ, সনদ ও বৃক্ষ পেলেন শিক্ষার্থীরা
- আপডেট: ০৬:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে পঞ্চগড়ে কলেজশিক্ষার্থীদের ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুই কলেজের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পঞ্চগড়ের দেবীগঞ্জ, সদর ও আটোয়ারী উপজেলার তিনটি কলেজে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। কলেজগুলো হলো কালিগঞ্জ বিএম কলেজ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ও মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করা। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, পরিবেশ সংরক্ষণ ও সুস্থ ক্রীড়াচর্চায় তরুণদের উৎসাহিত করাও এর উদ্দেশ্য।
সমাপনী উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে গাছের চারা ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার পাশাপাশি প্রশিক্ষণে অর্জিত দক্ষতার স্বীকৃতি দেওয়া হয়।
একই দিন বিকেল তিনটায় আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে ওই কলেজ ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন দলকে পাঁচ হাজার টাকা এবং রানার্সআপ দলকে তিন হাজার টাকার চেক দেওয়া হয়।
আয়োজকেরা জানান, প্রশিক্ষণের পাশাপাশি ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলীয় সংহতি, পারস্পরিক সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
অনুষ্ঠানে স্থানীয় আনসার-ভিডিপির সদস্য, প্রশিক্ষণার্থী ও দর্শকেরা অংশ নেন।



















