র্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদারে নোয়াখালীর পুলিশ সুপারের মন্দির পরিদর্শন
- আপডেট: ০৯:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নোয়াখালীর সেনবাগ উপজেলার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
বুধবার (১৪ অক্টোবর) তিনি সেনবাগ থানাধীন কল্যান্দী সর্বজনীন দুর্গামন্দির ও উত্তর রাজারামপুর শ্রী শ্রী রক্ষাকালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা এবং বৈদ্যুতিক নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ ছাড়া পূজামণ্ডপ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানজট নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য মহিলা স্বেচ্ছাসেবী দল গঠন ও তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে হবে। শান্তি ও সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।



















