সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ, স্থগিত ১২৬ ফ্লাইট; ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী
- আপডেট: ০৯:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় ঢাকা থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট রুটের ফ্লাইট চলাচলে বন্ধ রয়েছে। এখন পর্যন্ত মোট ১২৬টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
স্থগিত ফ্লাইটের মধ্যে সরাসরি রুটের ৫৯টি এবং ট্রানজিট রুটের ৬৭টি ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইনসের পাশাপাশি সাতটি আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটও এর আওতায় পড়েছে।
সরাসরি রুটে সবচেয়ে বেশি ফ্লাইট স্থগিত হয়েছে সৌদিয়া এয়ারলাইনসের। সংস্থাটির ১৯টি ফ্লাইট স্থগিত রয়েছে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট স্থগিত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট রুটে চলাচলকারী এয়ারলাইনসগুলোর মধ্যে ইন্ডিগোর ২৪টি ফ্লাইট স্থগিত হয়েছে। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার ছয়টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট স্থগিত রয়েছে।
সরাসরি ফ্লাইটের পাশাপাশি ট্রানজিট রুটেও চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি যাত্রার নতুন সময়সূচি নিয়েও অপেক্ষায় রয়েছেন অনেকে। বিশেষ করে ট্রানজিটের মাধ্যমে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীদের ভ্রমণসূচিতে পরিবর্তন আনতে হতে পারে।
ফ্লাইট চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি ও টিকিটের অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি এবং বিমানবন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক হওয়ার ওপর ফ্লাইট চলাচল পুনরায় শুরুর বিষয়টি নির্ভর করছে।



















