পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি থেকে দুই বাংলাদেশির মরদেহ আনা হবে
- আপডেট: ০৭:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী। তাঁদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের বাড়ি কুমিল্লায়।
সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে ওমরাহ করতে গিয়ে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদেরও পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, অনেক ওমরাহ যাত্রী সৌদি আরবে আটকে পড়েছেন। কেউ কেউ বিকল্প পথে দেশে ফেরার চেষ্টা করলেও ফ্লাইট বাতিল হওয়ায় অনেকে ফিরতে পারছেন না।
জাপানের সঙ্গে কর্মী নিয়োগসংক্রান্ত নতুন চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিমানবন্দরে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এসব ট্রলি যুক্ত হওয়ায় যাত্রীদের লাগেজ বহনে ভোগান্তি কমবে।



















