ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার
- আপডেট: ০৮:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
তিনি জানান, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরে সিআইডির অনুরোধে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলাটি কী বিষয়ে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করেছিল র্যাব। সে সময় তার বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগ ছিল। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী সময়ে ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পরে জামিনে মুক্তি পান দিলীপ কুমার আগারওয়ালা। এবার সিআইডির একটি মামলার সূত্র ধরে তাকে আবারও গ্রেফতার করা হলো।



















