শতাধিকের বেশি পরিবারের বসবাস, ক্ষতিগ্রস্ত হয়েছে আধা-কাঁচা-পাকা বাড়িগুলো: ফায়ার সার্ভিস
- আপডেট: ০১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ঘটনায় টিনের বাড়ি কিংবা আধা-কাঁচা-পাকা বাড়িগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে প্রায় শাতাধিকের উপরে পরিবার বসবাস করে।
বুধবার (১৮ নভেম্বর) মহাখালী সাততলা বস্তি সংলগ্ন সংক্রামক ব্যাধি হাসপাতালের গেটের সামনে এক সংবাদ সন্মেলনে এসব বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেঃ কর্নেল মো. মাহমুদুল হাসান।
মো. মাহমুদুল হাসান বলেন, মহাখালীর সাততলা বস্তির কবরস্থান রোডের গোড়া বস্তি অংশে আজকে সকাল ৯টা ৪০ মিনিটে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার পরপরই আমাদের নিকটস্থ স্টেশন, এখানেই তাদের ইউনিট মুভ করায় এবং ১০টা ১০ মিনিটে আমাদের প্রথম ইউনিট এখানে পৌঁছায়।
এই ঘটনার গুরুত্ব এবং ভয়াবহতা বিবেচনায় আমরা আমাদের অন্যান্য ইউনিটগুলো মুভ করায় এবং সর্বমোট আটটি ইউনিটের প্রচেষ্টায় ১১টা ১৫ মিনিটে আমরা এই বস্তির আগুনটি নিয়ন্ত্রণে সক্ষম হই। এখনো নির্বাপনের কাজ চলছে।
তিনি বলেন,এখানে নিম্ন আয়ের মানুষজন এই বস্তি এলাকায় বসবাস করে। তাদের টিনের বাড়ি কিংবা আধা-কাঁচা-পাকা যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো আমরা জানতে পারিনি। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে আনুমানিক আমি যেটা দেখেছি, এখানে প্রায় শাতাধিকের উপরে পরিবার। এই এলাকাটা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে বসবাস করে। নিম্ন আয়ের এই মানুষগুলোর এই বাসা-বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ, এটার একটি তদন্ত কমিটি আমরা গঠন করব, তারপরে আমরা বলতে পারব কি পরিমাণ ক্ষতি হয়েছে।
তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে আছে, আর ছড়াবে না। আমরা আগুন নির্বাপনের কাজ করছি, এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার। হয়তো আজকে সারাদিন লেগে যাবে এই আগুনটা পুরোপুরি ডাম্পিং এবং নির্বাপনের জন্যে।
হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর নেই। তবুও আমরা আগুন নির্বাপনের পরে পুরো জায়গাটার একটা সার্চ করব। এই সার্চের পরে বলা যাবে যে কেউ কোনো আহত বা অন্য কোনো কিছু এখানে আছে কি না, বাট এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর নেই।




















