গার্মেন্টস কর্মী নুপুর মারা যাননি, মৃত্যুর খবর গুজব বলল ডিএমপি
- আপডেট: ০১:০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়। তিনি মারা যাননি,বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে নুপুরের পরিবারের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকদের বরাত দিয়ে নুপুরের পরিবার জানিয়েছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং শঙ্কামুক্ত।
এর আগে বুধবার দুপুরে নুপুরকে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।
নুপুরের মৃত্যুর খবরকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করার আহ্বান জানিয়েছে পুলিশ।



















