‘শেখ হাসিনার নির্দেশে বিজিবিকে পানি দিচ্ছে আ. লীগ’, এমন দাবি ভিত্তিহীন
- আপডেট: ০৯:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খাবার পানি ও অন্যান্য সামগ্রী আওয়ামী লীগ সরবরাহ করছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিজিবি।
শুক্রবার (২০ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’ শিরোনামে একটি তথ্য প্রচার করা হচ্ছে। এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজিবির ভাষ্য, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত সদস্যদের প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী সরবরাহকারীর কাছ থেকে নগদ অর্থের বিনিময়ে কেনা হয়। স্থানীয় দোকানদারের কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি কেনা হয়। পরে ওই দোকানদার ভ্যানে করে বিজিবি সদস্যদের কাছে পানি পৌঁছে দেন। এটি বাহিনীর নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম।
এ কার্যক্রমের সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বিজিবি।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বিজিবি একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। দায়িত্ব পালনরত সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে এসব সামগ্রী সরবরাহের সুযোগ নেই।
বাহিনীর নিজস্ব অর্থায়নে কেনা পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিজিবির নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে দাবি করেছে সংস্থাটি।
এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে বিজিবি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাইয়ের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাহিনীটি।



















