হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
- আপডেট: ১১:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা ও দস্যুতার পৃথক দুটি ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
এ সময় হত্যাকাণ্ড ও দস্যুতার কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ভিকটিমের ২টি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
রবিবার (২২ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- জোবায়ের আহাম্মেদ ইমন (৩৩), মোছা. জারা (২৫), সৈয়দ আব্দুল্লাহ আহাম্মেদ (২২) ও মো. নূর আলম খান ওরফে রবিন (২৯)।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গত ১৬ নভেম্বর দিবাগত রাতে কুতুবখালী বড় মাদ্রাসার পেছনের গলিতে রাইড শেয়ারিং চালক আরিফুল ইসলামকে (৪৬) ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তারা ভিকটিমের ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা হয়।
অপরদিকে গত ৫ নভেম্বর রাতে যাত্রাবাড়ীর কুতুবখালী মৎস্য আড়তের পেছনে আরেক রাইড শেয়ারিং চালক মো. এনামুল মোর্শেদকে ধারালো চাকুর ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে ভিকটিমের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে ৯৬ হাজার টাকা উত্তোলন করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দস্যুতা ও সাইবার সুরক্ষা আইনে মামলা হয়।
তিনি বলেন, দুটি ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে ২১ নভেম্বর রাতে জোবায়ের আহাম্মেদ ইমন ও মোছা. জারাকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য ও পরবর্তী অভিযানে সৈয়দ আব্দুল্লাহ আহাম্মেদ এবং মো. নূর আলম খান ওরফে রবিনকে গ্রেফতার করা হয়।
এ সময় হত্যাকাণ্ড ও দস্যুতার কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নিহত ভিকটিম আরিফুল ইসলামের ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল ও মোবাইল ফোন, দস্যুতার ঘটনায় ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, সুইচ গিয়ার চাকু, ইলেকট্রিক শকগান এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















