ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের কোপাল দুর্বৃত্তরা, ম্যানেজার নিহত
- আপডেট: ০১:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলটির ম্যানেজার নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ) দিবাগত রাত দুইটার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম– নাঈমুর রহমান (২৬)।
বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া গণমাধ্যমকে জানান, রাত দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসানসহ অন্যান্য কর্মীরা এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।
পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আল আমিন মিয়া জানান, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


















