খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে মৃত্যু: নিরব হোসেনের দাফন সম্পন্ন
- আপডেট: ০৫:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১৮০৫২
আল রাফি (পটুয়াখালী) বাউফল প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণকারী মো. নিরব হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। তিনি জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা।
বৃহস্পতিবার জোহরের নামাজের পর পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বাউফল আসনের বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটিসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।
মো. নিরব হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও সমবেদনা জানান। তার নির্দেশে একই দিন রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে মরহুমের বাসায় যান।
প্রতিনিধি দলটি সেখানে নিরব হোসেনের দুই ভাই মুসফিকুর রহমান ও বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের শোকবার্তা ও সহমর্মিতার কথা পৌঁছে দেন।
এদিকে, মরহুমের ছেলে জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ান বর্তমানে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তাকে সরকারিভাবে থাইল্যান্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।



















