ভোলায় অস্ত্র ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত আটক
- আপডেট: ০৬:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি রকেট ফ্লেয়ারসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ মে) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (২৮ মে) রাত ১টা পর্যন্ত তজুমদ্দিন থানার মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিন। এসময় চিহ্নিত ডাকাত ফেরদৌস ওরফে হেজু ডাকাতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। একই সঙ্গে ফেরদৌস ওরফে হেজু ডাকাতকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, এর আগেও গত ২৭ মার্চ ২০২৫ সালে কোস্ট গার্ড অস্ত্রসহ তাকে আটক করেছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















