ভোলায় কোস্ট গার্ডের অভিযানে স্বপন বাহিনীর প্রধান আটক, উদ্ধার একনলা বন্দুক ও ৮ দেশীয় অস্ত্র
- আপডেট: ০৯:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ভোলার মনপুরায় বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনীর’ প্রধান স্বপনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২২ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই রাত ১১টা থেকে ২২ জুলাই দুপুর ৩টা পর্যন্ত মনপুরা থানার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত ডাকাত স্বপন বাহিনীর প্রধান স্বপনকে আটক করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক স্বপন (৫০) মনপুরা থানার হাজির হাট এলাকার বাসিন্দা। কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনীর’ প্রধান হিসেবে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















