মুর্শিদাবাদে দূরপাল্লার সাঁতারে বাংলাদেশের চার পদক
- আপডেট: ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ চারটি পদক পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক রয়েছে।
গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন দেশের সাঁতারুরা অংশ নেন। বাংলাদেশ থেকে নয়জন সাঁতারু এতে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছয়জন ১৯ কিলোমিটার এবং তিনজন ৮১ কিলোমিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ। একই দূরত্বের নারী ইভেন্টে রৌপ্যপদক পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার।
অন্যদিকে, প্রতিযোগিতার অন্যতম কঠিন ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী। একই ইভেন্টে ব্রোঞ্জপদক পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম।
প্রতিযোগিতায় ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার নারী ইভেন্টে ১৫ জন সাঁতারু অংশ নেন।
বাংলাদেশ সাঁতার ফেডারেশন জানিয়েছে, আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুদের এই সাফল্য দেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ৮১ কিলোমিটার ইভেন্টে দুটি পদক অর্জনকে ইতিবাচক হিসেবে দেখছে ফেডারেশন।
প্রতিযোগিতায় পদকজয়ী চার সাঁতারুর মধ্যে দুজন বাংলাদেশ সেনাবাহিনী এবং দুজন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য। সাফল্যের জন্য পদকজয়ী সাঁতারু, অংশগ্রহণকারী অন্য সাঁতারু, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের মোট অর্জন একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ—সব মিলিয়ে চারটি পদক।



















