মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার,উদ্ধার ৪ মোবাইল
- আপডেট: ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৮০৩১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড ও একটি করাত কাটার চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে হাসনাইন হাসান নামে এক ব্যক্তি রয়েছেন, যাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের প্রায় অর্ধডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে দুজন কিশোর ও একজন নারীও রয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি বিভিন্ন কৌশলে পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের টার্গেট করত। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা অসতর্কতার সুযোগ নিয়ে তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, টাকাপয়সা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হতো। বিশেষ করে নারী পথচারীদের ব্যাগ থেকে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটাত চক্রটি।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।



















