শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট: ০৫:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশে ফেরা এবং বিদেশে দেওয়া বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পলাতক অপরাধীদের দেশে ফিরে নতুন করে অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল।
তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে সর্বোচ্চ আদালতের আগের রায় বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পথ তৈরি হয়েছে। আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে এ ব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপন করা হবে।
গোপালগঞ্জ সদরের খেয়াঘাটসংলগ্ন এলাকায় সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কিছু সন্ত্রাসী টহলরত পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পুলিশ সদস্যরা সংখ্যায় কম থাকায় আক্রান্ত হন। তবে ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
পার্বত্য অঞ্চলের সাজেকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে একাধিক ক্ষুদ্র সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিবছর পর্যটন মৌসুমে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ স্থানীয় নেতারা রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
দুর্গাপূজার ছুটির মধ্যে একজন অতিরিক্ত ডিআইজির বাসভবনে অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তার পরিচয় বিবেচনায় না নিয়ে তাকে ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান থাকবে।



















