বিশ্ব দরবারে জিয়া পরিবারের নেতৃত্বের গৌরবোজ্জ্বল অধ্যায়
- আপডেট: ০৬:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৮০০১
মোহাম্মদ আব্দুল হালিম,ঢাকা
বিশ্ব রাজনীতির ইতিহাসে কিছু পরিবার তাদের রাজনৈতিক প্রজ্ঞা,দূরদর্শী নেতৃত্ব,কূটনৈতিক দক্ষতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে স্বতন্ত্র পরিচিতি অর্জন করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রজন্মের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম বিশেষভাবে আলোচিত। জাতীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, গণতন্ত্র, নারী শিক্ষা, মানবাধিকার এবং মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা জিয়া পরিবারকে বিশ্ব দরবারে একটি পরিচিত রাজনৈতিক পরিবার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয়
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন সম্মুখসারির যোদ্ধা এবং স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি প্রথম স্বাধিন দেশের আপামর জনগনের ভোটে নির্বাচিত সরকার প্রধান। তাঁর রাষ্ট্রনায়কোচিত চিন্তাভাবনার অন্যতম বৈশিষ্ট্য ছিল বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করা। তার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ছিল জাতীয় সার্বভৌমত্ব, পারস্পরিক সম্মান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতা। তিনি উপলব্ধি করেছিলেন, একটি উন্নয়নশীল রাষ্ট্রের অগ্রগতির জন্য শুধু অভ্যন্তরীণ উন্নয়ন যথেষ্ট নয়; প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা।
১৯৭৭ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি আঞ্চলিক সহযোগিতার প্রস্তাব উত্থাপন করেন। তাঁর সেই দূরদর্শী উদ্যোগের ধারাবাহিকতায় ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি।
আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায়ও তাঁর অবস্থান ছিল উল্লেখযোগ্য। ১৯৮০ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বিশ্বশান্তির অবিচ্ছেদ্যতা, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর বক্তব্যের মূল দর্শন ছিল—বিশ্বের এক অঞ্চলে অশান্তি বিরাজ করলে অন্য অঞ্চলও দীর্ঘমেয়াদে নিরাপদ থাকতে পারে না।
ইরান-ইরাক যুদ্ধের সময় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন এবং জোট নিরপেক্ষ আন্দোলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ তাঁর আন্তর্জাতিক কূটনৈতিক ভূমিকার উল্লেখযোগ্য দিক।
১৯৭৮ সালে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়াও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হওয়ার একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
বেগম খালেদা জিয়া: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী নেতৃত্বের উজ্জ্বল প্রতিচ্ছবি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি স্বতন্ত্র নেতৃত্বের পরিচয় প্রতিষ্ঠা করেন। তিনি শুধু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীই নন, মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নারী রাজনৈতিক নেতৃত্ব হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন।
১৯৯১ সালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনের পর তাঁর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি লাভ করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, চীন, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তিনি ভূমিকা রাখেন। ১৯৯২ সালের ১৯ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে হোয়াইট হাউসে তাঁর বৈঠক বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা। একইভাবে সৌদি আরবের রাজপরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে তাঁর কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্য। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ বাংলাদেশের ভাবমূর্তি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত করতে সহায়তা করে।
১৯৯২ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় দশম জোট নিরপেক্ষ সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তোর কাছ থেকে বিশেষ রাষ্ট্রীয় সম্মান লাভ এবং ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর ব্যক্তিগত গ্রহণযোগ্যতার পরিচায়ক।
আন্তর্জাতিক নারী নেতৃত্বে খালেদা জিয়ার বিশেষ অবস্থান:
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আন্তর্জাতিক পরিচিতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন। তাঁর সরকারের সময়ে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তি কর্মসূচি চালু ও সম্প্রসারিত হয়। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কর্মসূচি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে। নারী শিক্ষার প্রসারে তাঁর উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচিত হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে তাঁর একাধিক সাক্ষাৎ এবং নারী শিক্ষাবিষয়ক উদ্যোগ নিয়ে আলোচনা আন্তর্জাতিক নারী নেতৃত্বে তাঁর পরিচিতিকে আরও বিস্তৃত করে। ১৯৯৫ সালে চীনের বেইজিংয়ে জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে তাঁর সাক্ষাৎ মুসলিম বিশ্বের নারী নেতৃত্বের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় ফোর্বস ম্যাগাজিন ২০০৫ ও ২০০৬ সালে পরপর দুই বছর খালেদা জিয়াকে অন্তর্ভুক্ত করে। এটি আন্তর্জাতিক অঙ্গনে তাঁর রাজনৈতিক পরিচিতি ও নারী নেতৃত্বের স্বীকৃতির একটি উল্লেখযোগ্য উদাহরণ।
সার্ক নেতৃত্বে খালেদা জিয়া: আঞ্চলিক কূটনীতিতে অনন্য ভূমিকা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি ১৯৯৩ ও ২০০৫ সালে সার্ক শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন। সার্কের প্রথম নারী চেয়ারপারসন হিসেবে তাঁর নেতৃত্ব দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে একটি বিশেষ অবস্থান তৈরি করে।
২০০৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে সার্কের প্রতিষ্ঠাতা-স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মরণোত্তর সার্ক স্বর্ণপদক প্রদান করা হয়। এটি ছিল জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার দর্শনের প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এ সম্মেলনে আফগানিস্তানের সার্ক সদস্যপদ লাভ এবং আঞ্চলিক সহযোগিতা ও দারিদ্র্য বিমোচনের বিষয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পায়।
খালেদা জিয়া সার্ককে শুধু আনুষ্ঠানিক সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অর্থনৈতিক সহযোগিতার কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রেও তাঁর উদ্যোগ আলোচনার দাবি রাখে।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ, বৈঠক এবং কূটনৈতিক যোগাযোগ ছিল তাঁর আন্তর্জাতিক পরিচিতির গুরুত্বপূর্ণ অংশ। বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন—দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা, মালয়েশিয়ার আধুনিক উন্নয়নের অন্যতম স্থপতি মাহাথির মোহাম্মদ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেনজির ভুট্ট, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তো, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই আন্তর্জাতিক যোগাযোগগুলো বাংলাদেশের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তারেক রহমান: নতুন প্রজন্মের নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রত্যাশা
জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব হিসেবে জনতার নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। তাঁর রাজনৈতিক পরিচিতি শুধু একটি দলের নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জাতীয়তাবাদী রাজনীতির ভবিষ্যৎ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের নতুন সম্ভাবনার সঙ্গেও যুক্ত।
দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা ও প্রবাসজীবনের অভিজ্ঞতার পর তাঁর দেশে প্রত্যাবর্তন এবং রাজনৈতিক কর্মকাণ্ড তাঁকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর পরিচিতির একটি উল্লেখযোগ্য দিক হলো ‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনার ২০২৭ সালের সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্তির তথ্য। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত এই তালিকায় মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের প্রভাব ও অবদানের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
‘দ্য মুসলিম ৫০০-এর ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ও দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় । তাঁর নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী হবে, সবার আগে বাংলাদেশ গড়ার লক্ষে রাষ্ট্র পরিচালনা, কূটনৈতিক সাফল্য এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন ।কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার হিসেবে অভিহিত করা হয়েছে। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বের এই রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক সম্পর্ক:
জিয়া পরিবারের আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশেষভাবে উল্লেখযোগ্য। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের একটি দৃঢ় ভিত্তি তৈরি হয়। সৌদি আরবের তৎকালীন বাদশাহ খালিদ বিন আবদুল আজিজকে জিয়াউর রহমান নিমগাছের চারা উপহার দিয়েছিলেন বলে আলোচিত একটি ঐতিহাসিক বিবরণ রয়েছে। পরবর্তীকালে সৌদি আরবে নিমগাছের উপস্থিতি দুই দেশের বন্ধুত্বের প্রতীকী স্মৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে। উনার আমলেই সর্বপ্রথম সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শ্রমবাজার বাংলাদেশের জন্য উম্মুক্ত হয়। পরবর্তী সময়ে খালেদা জিয়ার সরকারের আমলেও সৌদি আরবের সঙ্গে রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হয়। বাংলাদেশের শ্রমবাজার, জনশক্তি রপ্তানি, প্রবাসী কল্যাণ এবং মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সৌদি আরবের গুরুত্ব অপরিসীম। জিয়া পরিবারের নেতৃত্বের সময় এই সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইতিহাসে উল্লেখযোগ্য।
আন্তর্জাতিক স্বীকৃতি ও জিয়া পরিবারের ভাবমূর্তি:
জিয়া পরিবারের আন্তর্জাতিক অবস্থানের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করেছে।
আঞ্চলিক সহযোগিতার দর্শন- সার্ক প্রতিষ্ঠার উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন। বিশ্বশান্তির পক্ষে অবস্থান- জাতিসংঘে জিয়াউর রহমানের বক্তব্য এবং আন্তর্জাতিক সংঘাত নিরসনে তাঁর কূটনৈতিক তৎপরতা। গণতান্ত্রিক নেতৃত্ব- গণতন্ত্র পুনরুদ্ধার ও সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকা। নারীর ক্ষমতায়ন- নারী শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান। মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক- সৌদি আরবসহ মুসলিম দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক। আন্তর্জাতিক যোগাযোগ- বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগ। নতুন প্রজন্মের নেতৃত্ব- তারেক রহমানের মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতির নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব। প্রকাশনাটিতে ১৭ বছর প্রবাসজীবন শেষে দেশে ফেরা, ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় নেতৃত্ব দেওয়া এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়গুলো উল্লেখযোগ্য।
জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতির এক রাজনৈতিক উত্তরাধিকার:
বিশ্ব দরবারে জিয়া পরিবারের অবস্থান কেবল একটি রাজনৈতিক পরিবারের পরিচিতির বিষয় নয়; এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাস, জাতীয়তাবাদী রাজনীতি, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে সম্পর্কিত একটি বিস্তৃত অধ্যায়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার যে স্বপ্ন দেখেছিলেন, সার্ক প্রতিষ্ঠার মাধ্যমে তার বাস্তব ভিত্তি তৈরি হয়েছিল। বেগম খালেদা জিয়া সেই আঞ্চলিক সহযোগিতার ধারাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নারী নেতৃত্ব, শিক্ষা এবং গণতন্ত্রের প্রশ্নে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন। আর তারেক রহমানের সামনে রয়েছে এই রাজনৈতিক উত্তরাধিকারকে আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ।
রাজনীতিতে মতপার্থক্য থাকবে, নেতৃত্বের মূল্যায়নেও ভিন্নতা থাকবে। কিন্তু একটি পরিবারের আন্তর্জাতিক ভূমিকা বিচার করতে হলে ইতিহাস, কূটনৈতিক উদ্যোগ, রাষ্ট্রীয় অবদান এবং বাস্তব অর্জনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। জিয়া পরিবারের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো—বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয়, আঞ্চলিক সহযোগিতার নেতৃত্ব এবং জাতীয় স্বার্থভিত্তিক কূটনীতির মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা। বাংলাদেশের মর্যাদা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আন্তর্জাতিক বন্ধুত্বের প্রশ্নে জিয়া পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার তাই দেশের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
লেখক: মোহাম্মদ আব্দুল হালিম, পুলিশ কর্মকর্তা, লেখক ও কলামিস্ট।



















