আইজিপি–ইউনেস্কো বৈঠকে নির্বাচন ও মতপ্রকাশের আলোচনা
- আপডেট: ১০:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৮০৬২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আইজিপি বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ নির্বাচনি প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। চলতি মাসেই এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশ সদর দফতরে ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ড. সুসান ভাইজ এবং ইউনেস্কো সদর দফতরের রুল অব ল অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহদি বেঞ্চেলাহসহ তিন সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আইজিপি এসব কথা বলেন।
বৈঠকে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাদার সম্পর্ক জোরদার, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল সাংবাদিকদের নিরাপত্তা ও তথ্যপ্রাপ্তির অধিকার উন্নয়নে ইউনেস্কোর বৈশ্বিক ম্যান্ডেট পুনর্ব্যক্ত করেন এবং পুলিশ-গণমাধ্যমের পারস্পরিক আস্থা বাড়াতে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণের প্রস্তাব দেন।
আইজিপি জানান, নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাহিনী সার্বিক প্রস্তুতি নিয়েছে এবং গুজব ও ভুল তথ্য মোকাবিলায় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।
বৈঠকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুলসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















