মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে আনসারের বীরত্ব: ডাকাতি চেষ্টা নস্যাৎ, আটক ১
- আপডেট: ০৩:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে সোমবার (০৩ মার্চ) ভোররাতে অবস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI) Coal Power Generation Company Bangladesh Limited (CPGCBL) প্রকল্পে ভোররাতে সুসংগঠিত সশস্ত্র ডাকাতচক্রের অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
প্রায় ২০–২৫ জনের সংঘবদ্ধ চক্রকে প্রতিহত করে জাতীয় সম্পদ ও কৌশলগত অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করেন কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর সদস্যরা।
মঙ্গলবার (০৩ মার্চ ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,দিবাগত রাত আনুমানিক ০৩:৫০ মিনিটে প্রকল্পের ‘মুগডেইল পোস্ট’-এ দায়িত্বরত দুইজন সশস্ত্র আনসার সদস্য সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সংশ্লিষ্ট ব্যক্তিদের চ্যালেঞ্জ করেন। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দেশীয় অস্ত্র—রামদা, ছুরি ও লাঠিসোটা—নিয়ে অতর্কিত হামলার চেষ্টা চালায়।
উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে আনসার সদস্য মোঃ আশিকুর রহমান তাঁর শর্টগান থেকে ০২ রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা ফায়ার করেন। আকস্মিক প্রতিরোধ ও গুলির শব্দে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
ঘটনার সংবাদ পেয়ে নিকটস্থ বাংলাদেশ নৌবাহিনী-এর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সঙ্গে যৌথ তৎপরতা শুরু করে। সমন্বিত ধাওয়ার একপর্যায়ে ডাকাতচক্রের সদস্য শহিদুল্লাহ (৪০)-কে আটক করা হয়। তিনি মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মগডেইল গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্ধকারের সুযোগে চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও দৃঢ়তায় একটি সম্ভাব্য বৃহৎ নাশকতা প্রতিহত হয়েছে। কৌশলগত জাতীয় স্থাপনার নিরাপত্তা রক্ষায় বাহিনীর এই তৎপরতা দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামোগত স্থিতিশীলতা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















