বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী:ছাত্রনেতার উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ,শিক্ষার্থীরা পেল খেলার উপকরণ
- আপডেট: ০৫:০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০১৬
ঝিনাইদহ প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা থানার বোয়ালিয়া গ্রামে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে নেয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘিরে স্থানীয় একটি বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে আশপাশের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের মাঝে আলাদাভাবে ফুটবল বিতরণ করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শৈলকূপা থানার কাচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের দিক নির্দেশনায় শৈলকুপা থানার সাবেক ছাত্রদল নেতা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শোভন কুমার কাজলের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতার পাশাপাশি পরিবেশ রক্ষা এবং কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে নানান ফলজ গাছের শতাধীক চারা রোপণ করা হয়। পাশাপাশি আশপাশের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে ফুটবল দেওয়া হয়।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভন কুমার কাজল বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই। সেই চিন্তা থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একটি গাছ যেমন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছায়া, ফল ও পরিবেশের ভারসাম্য নিশ্চিত করে, তেমনি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, আমাদের এলাকার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুন্দর পরিবেশের মধ্যে বেড়ে উঠুক।’
সাবেক ছাত্রদল এই নেতা বলেন, আমাদের মাননীয় ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের দিকনির্দেশনায় স্থানীয় পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছি। ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।’

স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম যুক্ত হলে তা সাধারণ মানুষের জন্য আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছ রোপণের ফলে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে এবং ফুটবল বিতরণের মাধ্যমে তারা খেলাধুলায় আরও উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
এসময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শৈলকুপার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।


















