বেগমগঞ্জে চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামি দেলোয়ার ইয়াবাসহ গ্রেফতার
- আপডেট: ১২:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর বেগমগঞ্জ একলাশপুর ইউনিয়নে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আলোচিত সেই দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন থেকে তাকে ১০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। দেলোয়ার হোসেন উপজেলার একলাশপুর ইউনিয়নের মৃত ছায়েদুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের আলাদীনগর মাসুদ মিয়ার চায়ের দোকানের সামনে দেলোয়ারকে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দেলোয়ার ওই এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা,ধর্ষণ ও বিস্ফোরক দ্রব্রসহ ছয়টি মামলা রয়েছে।
নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর মাসে বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সারা দেশে ভাইরাল হয়। ওই ঘটনায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন জড়িত বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।



















