কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম-ডাকাতি: গ্রেফতার আরও ২
- আপডেট: ০৬:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একজন চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখমের পর ডাকাতির ঘটনায় জড়িত আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাসিন্দা মো. লিটন (৩৮) ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা মো. ইকবাল হোসেন (৩০)।
রবিবার (২৬ এপ্রিল) র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৪ এপ্রিল সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর আন্ডারপাস সংলগ্ন একটি চীনা প্রকল্পে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রবেশ করে। তারা প্রথমে নিরাপত্তাকর্মীদের মারধর করে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে প্রকল্পে থাকা চীনা নাগরিকদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, ঘড়িসহ মূল্যবান মালামাল লুট করে।
ডাকাতির সময় ওয়েন জিনহুয়া (৫৫) নামে এক চীনা নাগরিক বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ডাকাতরা প্রকল্পের কয়েকটি সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন আরও বলেন, এর আগে এই ঘটনায় জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ অভিযানে গ্রেফতার দুই আসামির মধ্যে লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতিসহ মোট ১২টি মামলা এবং ইকবালের বিরুদ্ধে ছয়টি চুরিসহ মোট সাতটি মামলা রয়েছে।



















