জবি ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় কাজী রফিকুল ইসলাম
- আপডেট: ০৪:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৮০০৫
এইচ, এম তুহিন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সম্ভাব্য নতুন নেতৃত্বে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আইন বিভাগের শিক্ষার্থী কাজী রফিকুল ইসলাম। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৫ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পূর্বে একই শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক ভূমিকার কারণে তিনি নেতৃত্বের সম্ভাব্য তালিকায় গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা ও সংগঠনের প্রতি অবদান তাকে আলোচনায় নিয়ে এসেছে।
কাজী রফিকুল ইসলামের দাবি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই তিনি ছাত্রদলের আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত হন। তিনি ২০১৪–১৫ সালের আন্দোলন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনকালীন কর্মসূচি এবং ২০২৩–২৪ সালের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের কথা উল্লেখ করেন। এছাড়া ২০১৫ সালের এক আন্দোলনে আহত হয়ে তার পায়ে সেলাই দিতে হয় বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ২০২৩ সালে একটি কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক জুলাই-আগস্টের গণআন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন বলে দাবি করেন, যেখানে জিরো পয়েন্ট, শাহবাগ, তাতীবাজার, লক্ষীবাজার ও শহীদ মিনার এলাকায় বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতির কথা উল্লেখ করা হয়।
রাজনৈতিক জীবনের শুরু সম্পর্কে তিনি বলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের মাধ্যমে তার ছাত্ররাজনীতিতে হাতেখড়ি হয়। বর্তমানে তিনি জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের তত্ত্বাবধানে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত আছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে আলোচনা ও আগ্রহ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



















