৫৩ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে পীরজাদা মো. নোয়াব আলী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে সরব
- আপডেট: ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৮০০১
কাজী কেয়া, গাজীপুর:প্রতিনিধি
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী আমেজ। উন্নয়ন, জনসেবা ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় মুখ পীরজাদা মো. নোয়াব আলী। নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি ভোটারদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন।
ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, স্থানীয় মানুষের মাঝে তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ। বিশেষ করে তরুণ ও শ্রমজীবী মানুষের মধ্যে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকার নানা সমস্যা সমাধানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নির্বাচনী প্রচারণাকালে পীরজাদা মো. নোয়াব আলী বলেন, “আমি ৫৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জনপ্রতিনিধি হিসেবে নয়, জনগণের সেবক হয়ে সবসময় মানুষের পাশে থাকতে চাই।”
তিনি জানান, নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
তার ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে—খানাখন্দমুক্ত টেকসই সড়ক নির্মাণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ডিজিটাল নাগরিক সেবা সহজলভ্য করা। এছাড়া এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নৈশপ্রহরী ব্যবস্থা জোরদারের মাধ্যমে চুরি-ছিনতাই প্রতিরোধের কথাও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে পীরজাদা মো. নোয়াব আলী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তিনি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
একাধিক ভোটার জানান, “আমরা এমন একজন প্রতিনিধি চাই, যিনি সবসময় মানুষের পাশে থাকবেন। নোয়াব আলী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। তাই তাকে নিয়েই আমাদের প্রত্যাশা বেশি।”
সব মিলিয়ে, নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ ও উন্নয়নের প্রতিশ্রুতির কারণে টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পীরজাদা মো. নোয়াব আলী। স্থানীয়দের ধারণা, আসন্ন নির্বাচনে তিনি শক্ত অবস্থানে রয়েছেন।



















