মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, মোবাইল হারানোর জিডি নিলো পুলিশ
- আপডেট: ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে চলন্ত রিকশা থামিয়ে চাপাতি ঠেকিয়ে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করতে গেলে আসামিদের নাম-পরিচয় না জানায় মামলা নেয় নি পুলিশ। পরে মোবাইল হারানোর জিডি নেওয়া হয়।
গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মপুরের চাঁন মিয়া হাউজিং এলাকার ১ নম্বর সড়কের মুখে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শফিউল আলম সিদ্দিকী (শ্রেষ্ঠ ‘র বাবা নুরে আলম সিদ্দিকী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ দিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৯ সেকেন্ডের ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, শ্রেষ্ঠকে বহনকারী একটি অটোরিকশা সাত মসজিদের দিকে এগিয়ে চলছে। চাঁন মিয়া হাউজিং এলাকার ১ নাম্বার সড়কের মুখে হঠাৎ এক যুবক চলন্ত রিকশার সামনে চলে আসে। রিকশা চালক তার ব্রেক কষলেও ওই যুবক রিকশা চালককে সাইডে দাঁড়াতে বলল। ঠিক তখনই চাপাতি হাতে কয়েকজন যুবক ওই রিকশার দুই দিক থেকে উঠে অস্ত্র ঠেকিয়ে নিজের সঙ্গে থাকা সকল কিছু দিয়ে দিতে বলে।
অস্ত্রের মুখে রিকশায় বসেই ভুক্তভোগীর সঙ্গে থাকা সবকিছু নিয়ে সটকে পরে ওই যুবকরা। আর পুরো ঘটনা ঘটেছে মাত্র এক মিনিটেরও কম সময়ে।
ভুক্তভোগীর বাবা নুরে আলম সিদ্দিকীর সঙ্গে। অস্ত্র ঠেকিয়ে ছিনাতাইয়ের ঘটনায় সাধারণ ডায়েরি করার কারণ জানতে চাইলে তিন বলেন, দিনে দুপুরে এভাবে ছিনতাই হলো অথচ থানায় গিয়ে কোনো সহযোগিতা পেলাম না। বরং অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ নিয়ে গেলেও তারা মামলা না নিয়ে সাধারণ ডায়েরি করতে বললো। এমন কি সেই সাধারণ ডায়েরি লেখাটিও আমাকে বাইরের কম্পিটারের দোকান থেকে লিখে আনতে হয়েছে।
তিনি আরও বলেন, আমার ছেলে মোহাম্মদপুরের রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সামনে তার এইচএসসি পরীক্ষা। ঘটনার সময়ে সে কোচিং থেকে ফিরছিলো। এই ঘটনায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। চলন্ত রিকশা থামিয়ে আমার ছেলের পকেটে থাকা আইফোন ১৭ প্রো ম্যাক, সাউন্ড কোরের আর৫০আই মডেলের ইয়ারবাডও মানিব্যাগ নিয়ে যায়। তার মানি ব্যাগে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের কার্ড ছিলো। এমন কি ছিনতাইকারীরা অস্ত্রের মুখে মোবাইলের নিরাপত্তা লকের পাসওয়ার্ডও নিয়েছে।
এ দিকে সিসিটিভিতে অস্ত্র হাতে থাকা যুবকদের শনাক্ত করেছেন স্থানীয় এক বাসিন্দা। ওই বাসিন্দা জানান, চাঁন মিয়া হাউজিং এলাকায় ছিনতাইয়ের ঘটনায় বাঁশবাড়ি এলাকার চিহ্নিত ছিনতাইকারী আগুন ও রাব্বি ওরফে ১৪ রাব্বি জড়িত।
ওই সূত্রটি জানিয়েছে, ২০২৫ সালের ১১ নভেম্বর মধ্যরাতে মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিপারেটরি স্কুলে ককটেল নিক্ষেপের ঘটনায় আগুন জড়িত। ওই ঘটনায় তাকে সাভার গ্রেফতার করেছিলো পুলিশ। আগুন স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী। সে দামি মোবাইল ও হাতঘড়ি ছিনতাই করে। তার চক্রে ৮ থেকে ১০ জন সদস্য রয়েছে।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে। মালামাল উদ্ধারে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনায় ভূক্তভোগী থানায় আসার পর আমরা মামলা করতে বলছি। তিনি বললো মামলা করবোনা। আমি জিডি করবো। তাই আমরা এ ঘটনায় একটা জিডি নিয়েছি।



















