কেরানীগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
- আপডেট: ০৭:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান ওরফে রাকিব (২৬) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১০।
শুক্রবার সকাল পৌনে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চণ্ডীতলা মন্দিরসংলগ্ন জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।
এদিন বিকালে র্যাব-১০ এর মিডিয়া অফিসার তাপস কর্মকার এসব তথ্য জানান।
র্যাব জানায়, গ্রেফতার শাহ পরান ও ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অভিযুক্ত চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে অটোরিকশাযোগে ওই এলাকায় নিয়ে যায় এবং পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এসময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি টের পেয়ে র্যাব-১০ এর টহলরত টিমকে খবর দেন। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শাহ পরানকে হাতেনাতে আটক করেন এবং শিশুটিকে উদ্ধার করেন।
গ্রেফতার শাহ পরানের বাবার নাম খাজা মোহাম্মদ হাবীবুল্লাহ। তাদের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার উত্তর সেহাকাঠী এলাকায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



















