যাত্রাবাড়ী এলাকায় পশুর হাটে আইনশৃঙ্খলা তদারকিতে র্যাব কর্মকর্তা হাসান সিদ্দিকী
- আপডেট: ০১:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে র্যাব। জাল নোট,প্রতারণা, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে মাঠে সক্রিয় রয়েছে র্যাবের বিশেষ টহল টিম। এরই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকার বিভিন্ন গরুর হাট পরিদর্শন করেছেন র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন।
মঙ্গলবার (২৬ মে) সকালে তিনি গোলাপবাগ গরুর হাটসহ সিপিসি-১ এর আওতাধীন বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন। এসময় হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
র্যাব সূত্র জানায়, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে যাতে কোনো প্রতারণা, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সেজন্য গুরুত্বপূর্ণ হাটগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি পশুবাহী ট্রাকে চাঁদাবাজি এবং জোরপূর্বক নির্দিষ্ট হাটে পশু নামাতে বাধ্য করার মতো অপতৎপরতা ঠেকাতেও কাজ করছে র্যাবের বিশেষ টিম।
পরিদর্শনকালে ব্যবসায়ীদের প্রতারণা ও চাঁদাবাজি সম্পর্কে সতর্ক করা হয়। একইসঙ্গে জাল নোট শনাক্তকরণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন র্যাব সদস্যরা। এসময় ব্যবসায়ীদের জাল টাকা শনাক্তের বিভিন্ন উপায় সম্পর্কেও অবহিত করা হয়।
এছাড়া হাট কর্তৃপক্ষের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন র্যাব কর্মকর্তারা।
পরিদর্শনকালে সাংবাদিকদের এসএম হাসান সিদ্দিকী সুমন বলেন, “ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন, সেজন্য র্যাবের টহল ও নজরদারি কার্যক্রম সার্বক্ষণিক চালু থাকবে।”




















