আগুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এড়িয়ে গেলেন বিমানমন্ত্রী
- আপডেট: ০২:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৮০৬৭
নিস্বজ প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তবে পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়েই বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
শনিবার (০৬ জুন) দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পর পরিস্থিতি পরিদর্শনে সেখানে যান মন্ত্রী। এ সময় তিনি ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা হয়।
তবে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকরা মন্ত্রীর বক্তব্যের অপেক্ষায় থাকলেও তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তাদের দাবি, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের মতো ঘটনার পর জনগণকে অবহিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রয়েছে। এমন পরিস্থিতিতে মন্ত্রীর নীরবতা এবং সাংবাদিকদের এড়িয়ে যাওয়াকে অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন তারা।
এর আগে শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।




















