খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত যুবসমাজ গঠনের আহ্বান আনসার মহাপরিচালকের
- আপডেট: ০২:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে শুক্রবার (২৬ জুন) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬’।
বাংলাদেশ বেসবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
‘বেসবলের শক্তি, তারুণ্যের অঙ্গীকার; ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ দেশের বিভিন্ন প্রান্তের মোট ১৪টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ বেসবল ফেডারেশনের নিজস্ব মাঠ না থাকায় প্রতিযোগিতাটি বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, দেশের যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বেসবলের মতো সম্ভাবনাময় খেলার আয়োজন সময়োপযোগী উদ্যোগ। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির তৃণমূলভিত্তিক সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে এ খেলার প্রসার ঘটানো সম্ভব হবে এবং এটি তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির সম্পৃক্ততা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং জাতীয় ক্রীড়া উন্নয়নে তাদের অঙ্গীকারের প্রতিফলন।
বিশ্বব্যাপী জনপ্রিয় বেসবল বাংলাদেশে এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও সম্মিলিত উদ্যোগে ভবিষ্যতে এটি দেশের অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, বাংলাদেশ বেসবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, প্রশিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



















