শাহজালালে আনসারের সততায় হারানো ব্যাগ ফিরে পেলেন ভারত ফেরত যাত্রী
- আপডেট: ১২:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সততা ও তাৎক্ষণিক তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপসহ একটি মূল্যবান ব্যাগ ফিরে পেয়েছেন ভারত থেকে দেশে ফেরা বাংলাদেশি যাত্রী অর্নব কুমার বণিক।
রবিবার (২৮ জুন) ভোররাতে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.আশিকউজ্জামানের পাঠানো সংবাদ এ তথ্য জানান
তিনি বলেন, ভোর আনুমানিক ৩টার দিকে ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. সানাউল্লাহ পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পান। কোনো দাবিদার না থাকায় তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ক্যানোপি ইনচার্জ পিসি মো. আবুল হোসেনকে অবহিত করেন। পরে আনসার সদস্যরা প্রায় আধাঘণ্টা ধরে ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চালান। তবে কাউকে পাওয়া না যাওয়ায় নিরাপত্তা বিধি অনুসরণ করে ব্যাগটি বিমানবন্দরের ডিএসও অফিসে জমা দেওয়া হয়।
এর কিছুক্ষণ পর ক্যানোপি এলাকায় উদ্বিগ্ন অবস্থায় ব্যাগ খুঁজতে আসেন অর্নব কুমার বণিক। তিনি জানান, অসাবধানতাবশত ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগটি সেখানে ফেলে গিয়েছিলেন। তার দেওয়া তথ্যের সঙ্গে ব্যাগের বিবরণ মিলিয়ে আনসার সদস্যরা তাকে ডিএসও অফিসে নিয়ে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিচয় ও ব্যাগের ভেতরে থাকা মালামালের তথ্য যাচাই-বাছাই শেষে ব্যাগটি তার কাছে হস্তান্তর করেন।
হারিয়ে যাওয়া মূল্যবান ব্যাগ ফিরে পেয়ে অর্নব কুমার বণিক আনসার সদস্যদের সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। হারানো মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এ ঘটনা বাহিনীর পেশাদারিত্ব, সততা ও জনসেবামূলক দায়িত্ববোধের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।



















